ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট পুনর্গণনার দাবি তুলেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। তিনি সোমবার (১৫ সেপ্টেম্বর) ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দেন।
আবেদনে উমামা উল্লেখ করেন, নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রের ভোটার তালিকার কপি সরবরাহ, ওএমআর মেশিনের পরিবর্তে সনাতনী (ম্যানুয়ালি) ভোট পুনর্গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে শুরু থেকেই নানা বিতর্ক তৈরি হয়। ভোটগ্রহণ শেষে উমামা ফাতেমা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন। ঘোষিত ফলে দেখা যায়, তিনি ভিপি পদে পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট। অপরদিকে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন।
এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন একই প্যানেলের এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হয়েছেন মো. মহিউদ্দীন খান। ডাকসুর এবারের নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ভিপি, জিএস, এজিএসসহ মোট ২৩টি পদে বিজয়ী হয়।