পহেলা বৈশাখের সরকারি ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে তীব্র ভোগান্তি। জ্বালানি তেল নিতে চালকদের ৫ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প এবং মাতুয়াইলের মেসার্স খান অ্যান্ড চৌধুরী ফিলিং স্টেশনসহ একাধিক স্থানে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে।
সকালে তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে মোটরসাইকেলের লাইন মহাখালী পর্যন্ত এবং প্রাইভেট কারের লাইন নাখালপাড়া পর্যন্ত পৌঁছে যায়। চালকরা জানান, তেল নিতে কয়েক ঘণ্টা সময় লেগে যাচ্ছে।
লাইনে দাঁড়িয়ে থাকা প্রান্ত কুমার নামের এক মোটরসাইকেল চালক বলেন, “মোটরসাইকেলের লাইন এখন মহাখালী পর্যন্ত চলে গেছে। তেল নিতে ৫–৬ ঘণ্টা সময় লাগছে।”
আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে একই চিত্র দেখা গেছে। সেখানে সুজন নামের এক চালক বলেন, তিনি সকাল থেকে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন এবং আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হতে পারে।
ছুটির কারণে অনেক পেট্রোল পাম্প বন্ধ থাকায় খোলা থাকা পাম্পগুলোতে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
এদিকে রাজধানীর কয়েকটি নির্দিষ্ট পাম্পে মোটরসাইকেল চালকদের জন্য কিউআর কোডভিত্তিক মোবাইল অ্যাপ ‘ফুয়েল পাশ’ চালু করা হয়েছে। তবে অ্যাপ ব্যবহার না করলে নির্দিষ্ট সীমার বেশি জ্বালানি দেওয়া হচ্ছে না, ফলে ভোগান্তি আরও বাড়ছে।
জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে এই অস্থিরতার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।