বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, তা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন এবং ধীরে ধীরে সুস্থ হওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে ডা. জাহিদ এ তথ্য জানান। এ সময় তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান। তিনি আরও বলেন, চিকিৎসকরা অত্যন্ত আশাবাদী, বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতের দিকে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।