কলেজছাত্র রিজওয়ান রশীদের তৈরি গো-কার্ট (রেসিং কার) চালিয়ে উদ্ভাবনী তরুণদের উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে গো-কার্টটি পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় উদ্ভাবনী তরুণদের প্রতি উৎসাহ প্রকাশ করে প্রধানমন্ত্রী নিজেই গাড়িটি চালিয়ে দেখেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
জানা গেছে, এইচএসসি পরীক্ষার পর নিজের জমানো টাকা দিয়ে স্থানীয় যন্ত্রাংশ ব্যবহার করে মাত্র এক লাখ টাকায় গো-কার্টটি তৈরি করেন কলেজছাত্র রিজওয়ান রশীদ। দুই থেকে তিন মাসের প্রচেষ্টায় তৈরি এই গো-কার্টটি স্থানীয়ভাবে পরীক্ষিত এবং নিরাপদ ডিজাইনে নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী তরুণ উদ্ভাবকদের প্রশংসা করেন এবং তাদের উদ্যোগকে দেশের প্রযুক্তি ও সৃজনশীল উন্নয়নের সম্ভাবনাময় দিক হিসেবে উল্লেখ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।