রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। এ সিদ্ধান্ত ঘোষণার পর হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায়। এরপরই হাসপাতালের বিভিন্ন প্রবেশপথ ও ফটকে অতিরিক্ত পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৭ মে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অক্সিজেন স্বল্পতা এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি উঠে আসে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
নোটিশের জবাব দিতে প্রথমে ৭২ ঘণ্টা সময় দেওয়া হলেও হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত ৪৮ ঘণ্টা সময় চেয়ে আবেদন করে। পরে ৯ জুন লিখিত ব্যাখ্যা জমা দেওয়া হয়। তবে সেই ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় সংশ্লিষ্ট আইনের ১১(২)(খ) ধারা অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, প্রচলিত আইন অনুযায়ী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আবেদন করতে পারবে।
এদিকে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী রোববার সরকারের কাছে আপিল করা হবে বলে জানিয়েছেন হাসপাতালটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
উল্লেখ্য, গত ২৭ মে সকালে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে এক থেকে চার দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্তে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠে আসে।