আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) দেশের সব তফসিলি ব্যাংকে ‘ব্যাংক হলিডে’ পালিত হবে। অর্ধবার্ষিক হিসাব চূড়ান্ত করতে প্রতি বছরের মতো এবারও এদিন ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতিবছর ৩০ জুন ব্যাংকগুলো ছয় মাসের আর্থিক হিসাব সমাপ্ত করে এবং ১ জুলাই সেই হিসাব একত্র করে অর্ধবার্ষিক ব্যালেন্স শিট তৈরি করে। এ কাজ নির্বিঘ্ন করতে দিনটি ‘ব্যাংক হলিডে’ হিসেবে ঘোষণা করা হয়।
এদিন ব্যাংকের কোনো শাখায় টাকা জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডার, এটিএম লেনদেন, এমনকি মোবাইল ব্যাংকিংয়ের আন্তঃব্যাংক লেনদেনও বন্ধ থাকবে।
তবে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। সেখানে শুধুমাত্র হিসাব-নিকাশ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।
শেয়ারবাজারেও লেনদেন বন্ধ
ব্যাংক হলিডের প্রভাব পড়বে শেয়ারবাজারেও। ব্যাংকিং চ্যানেলের ওপর নির্ভরশীল হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তেও কোনো লেনদেন হবে না। তবে অফিসিয়াল কার্যক্রম চলবে দুই এক্সচেঞ্জেই।
প্রতিবছর দুইটি ব্যাংক হলিডে
বাংলাদেশে প্রতিবছর ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর এই দুটি দিন ব্যাংক হলিডে হিসেবে পালিত হয়। প্রথমটি অর্ধবার্ষিক এবং দ্বিতীয়টি বার্ষিক হিসাব চূড়ান্তকরণের জন্য পালন করা হয়।