রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী Tarique Rahman।
রোববার (৭ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী এ ধন্যবাদ জানান। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ২টায় অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন। তিনি বিশেষভাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভূমিকার কথা উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, একটি নৃশংস ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা, অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেপ্তার সরকারের আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থানের প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, মামলার বিচারিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং দোষীরা প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি পাবে।
তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে একই ধরনের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান।
সভায় উপস্থিত সদস্যরাও রামিসা হত্যাকাণ্ডে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও অপরাধ দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, রোববার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড প্রদান করেন। মামলাটি দেশের বিচারিক ইতিহাসে দ্রুত নিষ্পত্তির একটি আলোচিত উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।