রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতের দেওয়া রায়ের দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মামলার ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনা হবে এবং আইনানুগ প্রক্রিয়ার মধ্যেই মামলার কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।
রোববার (৭ জুন) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, রামিসা হত্যা মামলায় আদালতের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মামলাটির তদন্ত, আসামি গ্রেপ্তার এবং বিচারিক কার্যক্রম দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দায়িত্বশীল ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি গোয়ালন্দ ঘাটে কর্তব্যনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং গজারিয়ায় কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় দক্ষতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদেরও স্বীকৃতি দেওয়া হবে। তিনি বলেন, ভালো কাজের যথাযথ মূল্যায়ন যেমন করা হবে, তেমনি দায়িত্বে অবহেলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর বিভিন্ন অর্জন প্রশংসার দাবিদার। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, রোববার রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।