মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত রাখা হয়েছে। রোববার (৩ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ঘোষণা দেয়। সংস্থাটি জানায়, এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে এই মাসে সাধারণ ভোক্তাদের জন্য এলপিজির দাম পরিবর্তন হচ্ছে না।
তবে অটোগ্যাসের ক্ষেত্রে সামান্য মূল্য বৃদ্ধি করা হয়েছে। বিইআরসি জানিয়েছে, মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটারে ২ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে এপ্রিল মাসে দুই দফায় এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। গত ২ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়। এরপর ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করে বিইআরসি।