নীলফামারীর কিশোরগঞ্জে ঢাকঢোল ও সানাইয়ের সুরে, বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক ও মহান মে দিবস। দিনভর নানা কর্মসূচিতে অংশ নেন শ্রমজীবী মানুষ,ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ।
শুক্রবার( ১ মে) সকালে বিভিন্ন শ্রমিক ও ট্রেড ইউনিয়নের পৃথক পৃথক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রঙিন ব্যানার, ফেস্টুন আর ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের তালে তালে শ্রমিকদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এর পর বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এছাড়াও শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম ও আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরে হয়।সব মিলিয়ে, কিশোরগঞ্জে এবারের মে দিবস হয়ে উঠেছে শ্রমিক ঐক্য, অধিকার ও মর্যাদার এক প্রাণবন্ত প্রতীক। বিভিন্ন শ্রমিক ও ট্রেড ইউনিয়নের পৃথক পৃথক র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম,কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন শহীদ সরোওয়ার্দী গ্রেনেট বাবু,উপজেলা বাজার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি তহুবার রহমান তহুসহ বিভিন্ন শ্রমজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।