জামালপুরে মাপে তেল কম দেওয়ার অভিযোগে রোকেয়া ফিলিং স্টেশনের মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অনিয়মের প্রমাণ সত্যতা পেয়ে এ জরিমানা করা হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রাহকদের অভিযোগ ছিল—রোকেয়া ফিলিং স্টেশনটিতে নির্ধারিত পরিমাণের চেয়ে তেল কম দেওয়া হচ্ছে। অভিযানের সময় পরিমাপে গরমিল ধরা পড়লে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
দীর্ঘ দিন ধরে তেল কম দেয়ার ঘটনায় সাধারণ গ্ৰাহকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের প্রশ্ন—এতদিন ধরে যদি প্রতিদিন শত শত গ্রাহকদের তেল কম পেয়ে থাকেন, তাহলে সাধারণ গ্ৰাহকদের পকেট থেকে কত টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে? সেই ক্ষতির হিসাবই বা কে দেবে?
ভুক্তভোগীরা বলছেন, শুধু জরিমানা করলেই এমন অনিয়ম বন্ধ হবে না। ভবিষ্যতে যাতে কোনো প্রতিষ্ঠান গ্রাহকদের সঙ্গে প্রতারণা করতে না পারে, সেজন্য আরও কঠোর শাস্তি ও নিয়মিত তদারকি প্রয়োজন।
সচেতন নাগরিকরা মনে করছেন, ভোক্তাদের অধিকার রক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে বাজারে শৃঙ্খলা ফিরবে এবং প্রতারণা কমে আসবে।