স্টাফ রিপোর্টার জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বাশুরিয়া মোড়ে আলী হোসেনের গোডাউন থেকে ১০২ বস্তা ভিজিএফের চাউল উদ্ধার করেছে যৌথ বাহিনী। ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি।
১৯ মে সোমবার রাত ১০ টার সময় সরিষাবাড়ী অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্প ২৬ বীর ইউনিটের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট শাহারিয়া তালুকদার রিফাতের নেতৃত্বে একটি সেনা টহল নিয়ে এফআইইউ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা স্মৃতি’র উপস্থিতিতে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে আলী হোসেনের গোডাউন থেকে অবৈধভাবে মজুত থাকা ১০২ বস্তা চাউল উদ্ধার করা হয়। অভিযান পরিচালনার সময় কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী। পরে জব্দকৃত চাউল সহকারী কমিশনার (ভূমি) লিজা স্মৃতি’র উপস্থিতিতে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ১০২ বস্তা চাউল জব্দ করে তদন্ত কেন্দ্রে আনা হয়েছে। এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে।