২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে তিনি মামলায় রাজসাক্ষী হতে আগ্রহ প্রকাশ করেছেন বলে আদালতকে জানিয়েছেন তার আইনজীবী।
বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী আদালতকে জানান, ট্রাইব্যুনাল অনুমতি দিলে মামলার ন্যায়বিচারের স্বার্থে সাবেক এই পুলিশ কর্মকর্তা রাজসাক্ষী হয়ে বিচারকার্যে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন।
তবে বিস্তারিত পর্যালোচনা শেষে ট্রাইব্যুনাল সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডলের জামিন আবেদন মঞ্জুর না করে তা খারিজ করে দেন।
এদিকে একই দিনে ট্রাইব্যুনাল-১ রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজ বাড়িতে’ কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে ৯ জনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৭ জুন নির্ধারণ করেছেন।
এ ছাড়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।