আগামীকাল রোববার (৩ মে) থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্মেলনে গুজব প্রতিরোধ ও অপতথ্য বন্ধে ফ্যাক্ট চেকিং সেন্টার স্থাপনসহ স্থানীয় প্রশাসনকে রাজনীতির ঊর্ধ্বে রাখার মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হবে। ডিসিদের পাঠানো ৪৯৮টি প্রস্তাবের ওপর ভিত্তি করে আলোচনায় অংশ নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো। পাশাপাশি সরকারের পক্ষ থেকে মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হবে।
বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটিই প্রথম ডিসি সম্মেলন। চারদিনের এ সম্মেলন শেষ হবে আগামী বুধবার (৬ মে)।
এ উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, নতুন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে মাঠ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি জানান, সারাদেশ থেকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকেরা মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাঠিয়েছেন। এর মধ্য থেকে বাছাই করে ৪৯৮টি প্রস্তাব সম্মেলনে আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে।
আলোচ্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে কওমি মাদরাসাকে নীতিমালার আওতায় আনা, প্রতিটি চা বাগানে প্রাথমিক বিদ্যালয় স্থাপন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরকারি আইন কর্মকর্তা জিপি ও এজিপি নিয়োগের প্রস্তাব।
এছাড়া জেলা পর্যায়ে ফ্যাক্ট চেকিং সেন্টার স্থাপন, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী পাঠানোর সংখ্যা ২৫ শতাংশে নামিয়ে আনা এবং কৃষি ও ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবও ডিসিরা দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।