সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে শক্তিশালী প্রতিপক্ষ ভারতের বিপক্ষে বড় লড়াইয়ে নামবে লাল-সবুজের যুবারা। ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন একটাই, কে হাসবে শেষ হাসি।
শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে দুই দলই জয় পেয়েছিল। তবে পরস্পরের মুখোমুখি ম্যাচটি ছিল উত্তেজনাপূর্ণ, যা শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়। ফলে ফাইনালে দুই দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়ে উঠেছে।
সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। অন্যদিকে ভুটানকে হারিয়ে মেগা ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত। শিরোপা ধরে রাখার ব্যাপারে বেশ আশাবাদী বাংলাদেশ দল। তবে ভারতও এই আসরে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করেছে।
প্রতিপক্ষকে শক্তিশালী হিসেবে স্বীকার করলেও নিজের শিষ্যদের ওপর পূর্ণ আস্থা রাখছেন বাংলাদেশের হেড কোচ মার্ক কক্স। অন্যদিকে অধিনায়ক মিঠু চৌধুরীও জানিয়েছেন, দল হিসেবে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য তাদের।
এর আগে বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে বাংলাদেশকে। কিন্তু এবার সেই হতাশার বৃত্ত ভাঙতে মরিয়া কক্স শিষ্যরা। গ্যালারি ভর্তি সমর্থক, দলগত শক্তি এবং সুলিভান ব্রাদার্সের অন্তর্ভুক্তি বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাফল্যের ইতিহাসও বেশ উজ্জ্বল। ২০২৪ সালের ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। তবে ২০২২ সালের ফাইনালে ভারতের কাছে হারের তিক্ত স্মৃতি এখনও ফুটবলপ্রেমীদের মনে রয়েছে। এবার বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মানসিকভাবে এগিয়ে থেকে সেই পুরোনো হিসাব মেটাতে চায় লাল-সবুজ বাহিনী।