অবশেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম চূড়ান্ত করা হয়েছে। বিজেপির জয়ী বিধায়কদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকের পরই তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
শুক্রবার বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। ওই বৈঠকে পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়। পরে বিজেপি নেতৃত্ব তার নাম ঘোষণা করে।
শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
নির্বাচনের পর বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে রাজ্যে এসে বিধায়কদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। বৈঠকে দলের শীর্ষ নেতৃত্ব এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মতির ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা নির্বাচন করা হয়। এরপর তিনি রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন।
শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী পদে আগেই আলোচনায় ছিল। কারণ তিনি পরপর দুইবার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন। ২০২১ সালে নন্দীগ্রামে তিনি মমতাকে ১৯৫৬ ভোটে হারান। এবারের নির্বাচনে তিনি ভবানীপুরে মমতাকে ১৫ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন এবং নন্দীগ্রামেও প্রায় ১০ হাজার ভোটে জয় পেয়েছেন। ধারাবাহিক এই সাফল্যের কারণেই বিজেপির ভেতরে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল।