জন্মদিনে সেঞ্চুরির স্বপ্ন দেখাচ্ছিলেন মুশফিকুর রহিম। কঠিন উইকেটে ধৈর্য আর অভিজ্ঞতার এক অনন্য ইনিংস খেলে এগিয়ে যাচ্ছিলেন তিন অঙ্কের পথে। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন আর পূরণ হলো না। মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৭১ রানে থামতে হলো বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটারকে।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ব্যাট হাতে লড়াই চালিয়ে যান মুশফিক। উইকেটে কখনো বল নিচু হচ্ছিল, কখনো আবার অস্বাভাবিক বাউন্স তৈরি করছিল। এমন প্রতিকূল পরিস্থিতিতেও দারুণ নিয়ন্ত্রণে ব্যাটিং করেছেন তিনি। দিনের শুরুতে ৪৮ রানে অপরাজিত থাকা মুশফিক দ্রুতই তুলে নেন ক্যারিয়ারের ২৯তম টেস্ট ফিফটি। শাহীন শাহ আফ্রিদির বলে সিঙ্গেল নিয়ে ১১৪ বলে পূর্ণ করেন ফিফটি, যেখানে ছিল ছয়টি চার।
পঞ্চম উইকেটে লিটন দাসকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ ৬২ রানের জুটি গড়েন মুশফিক। তবে লিটন ৩৩ রান করে ফিরলে দ্রুতই ফিরে যান মেহেদী হাসান মিরাজও। এরপর তাইজুল ইসলাম কিছুটা সঙ্গ দিলেও পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস একের পর এক আঘাত হেনে বাংলাদেশের ইনিংসে চাপ বাড়িয়ে দেন। আব্বাস ৩১ ওভার বোলিং করে ৭৩ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সবচেয়ে সফল বোলার হন। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই তিনি তিনটি উইকেট শিকার করেন।
প্রথম সেশনে বাংলাদেশ ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে যোগ করে ৭৯ রান। সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৩৭৮ রানে। তবে দ্বিতীয় সেশনের শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারের তৃতীয় বলে রাউন্ড দ্য উইকেট থেকে শাহীন আফ্রিদি বল করেন। ভেতরে ঢুকে আসা ডেলিভারিটি ভুল লাইনে খেলতে গিয়ে ব্যাটে লাগাতে পারেননি মুশফিক। বল সরাসরি গিয়ে আঘাত হানে স্টাম্পে এবং ৭১ রানে শেষ হয় তার ইনিংস।
জন্মদিনে সেঞ্চুরি না পেলেও কঠিন উইকেটে মুশফিকের এই ৭১ রানের ইনিংস বাংলাদেশকে বড় সংগ্রহের পথে এগিয়ে রেখেছে। সর্বশেষ খবর অনুযায়ী, বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ৩৮৪ রান।