বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান তিন ধাপ পিছিয়ে যাওয়ার পেছনে গত বছরের ঘটনাবলি দায়ী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছর প্রকাশিত র্যাংকিংয়ে বাংলাদেশ আরও ভালো অবস্থানে থাকবে।
শনিবার (২ মে) বিকেলে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশে (পিআইবি) গণমাধ্যমে গুজব ও অপতথ্য নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, অনেক সময় ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য পরিকল্পিতভাবে ফেক নিউজ ছড়ানো হয়, যা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও সমাজের স্থিতিশীলতা নষ্ট করে।
সেমিনারে উপস্থিত আলোচকরা বলেন, ফেক নিউজ বন্ধ করতে হলে কার্যকর শাস্তির ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি কোনো গণমাধ্যম ভুল সংবাদ প্রকাশ করলে তা সংশোধনের পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার সংস্কৃতি নিশ্চিত করাও জরুরি বলে মত দেন তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অলাভজনক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) ‘বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচক’ প্রকাশ করে। সেখানে বলা হয়, চলতি বছর বাংলাদেশের অবস্থান তিন ধাপ পিছিয়ে ১৮০ দেশের মধ্যে ১৫২তম হয়েছে। গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৯তম।