সিরাজগঞ্জের কামারখন্দে মুরগিবোঝাই ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে উপজেলার কুটিরচর বটতলা এলাকায় দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ।
নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের সেনগাতি এলাকার মো. জয়নালের ছেলে মো. জাহিদুর রহমান (২৩), আব্দুল হাইয়ের ছেলে মো. গাফফার হোসেন (২৪) ও তাড়াশ উপজেলার তেঘরি গ্রামের মো. আব্দুল ওয়াদুদ সরকারের ছেলে মো. কাওসার সোয়েব (১৮)।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তিনজন কর্মীই ছিল এসিআই ফুড মিলে কর্মরত শ্রমিক। ডিউটি শেষে মোটরসাইকেল যোগে স্থানীয় বাজারের পথে রওনা হলে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিনজনই নিহত হন। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
নিহত মোটরসাইকেলচালক মো. কাওসার আহমেদের ফুফাতো ভাই জাকারিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে আমার ভাইয়ের মরদেহ পাইনি। সেনগাতি এলাকার তিনজন বলে তার মরদেহ ভুল করে নিয়ে যাওয়া হয়েছিল। মরদেহের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে চেনার উপায় ছিল না। পরে শনাক্ত করে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।