‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন বিধান অনুযায়ী, সাধারণ করদাতাদের কর মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন বা দাখিলপত্র জমা দিতে হবে। তবে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান ও শূন্য রিটার্ন দাখিলকারীরা অতিরিক্ত পাঁচ দিন সময় পাবেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম নিয়মিত বৈঠকে অধ্যাদেশটির খসড়া অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত খসড়ার বিধান অনুযায়ী, কর মেয়াদ শেষ হওয়ার পরবর্তী সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে সাধারণ করদাতাদের রিটার্ন জমা দিতে হবে। নির্ধারিত শেষ দিন সরকারি ছুটি থাকলে পরবর্তী প্রথম কার্যদিবসে কোনো জরিমানা ছাড়াই দাখিলপত্র জমা দেওয়া যাবে।
তবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা প্রতিষ্ঠানের জন্য আলাদা সময়সীমা রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ২০ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে পারবে।
একই সুবিধা পাবেন শূন্য রিটার্ন বা নিল রিটার্ন দাখিলকারী ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও। তাঁদের ক্ষেত্রেও দাখিলপত্র জমা দেওয়ার সময়সীমা হবে ২০ দিন।
এদিকে, বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণকে সফল ও মর্যাদাপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী এবং সফরসঙ্গী পুরো প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।