সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের এক শতাংশেরও কম কর্মকর্তা অসৎ। তাদের কেউ কেউ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত। এসব অসৎ পুলিশ কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, কিছু ‘হলুদ সাংবাদিক’ সরকারকে চাপে ফেলতে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করছেন। পাশাপাশি কিছু কনটেন্ট ক্রিয়েটর সামাজিক যোগাযোগমাধ্যমে মনগড়া ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দিচ্ছেন। তাদেরও চিহ্নিত করা প্রয়োজন বলে মন্তব্য করেন আইজিপি।
শিশু নিখোঁজের ঘটনা প্রসঙ্গে আলী হোসেন ফকির বলেন, দেশে আগেও শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে এসব ঘটনা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হচ্ছে। বাংলাদেশ পুলিশ বিষয়টির পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে বলেও জানান তিনি।
আইজিপি দাবি করেন, নিখোঁজ শিশুদের মধ্যে ৮৭ শতাংশেরই সন্ধান পাওয়া গেছে।
এর আগে সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে আইজিপি বলেন, একাধিকবার গ্রেপ্তার হলেও আইনের বিভিন্ন ফাঁকফোকরের কারণে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের দীর্ঘদিন কারাগারে রাখা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, বিশেষ করে রাজধানী ঢাকায় কিশোর অপরাধ ভয়াবহ আকার ধারণ করেছে।