সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধান সংশোধন: স্বরাষ্ট্রমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪
সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধান সংশোধন: স্বরাষ্ট্রমন্ত্রী


বিরোধী দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা ও মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। জুলাই জাতীয় সনদে দেওয়া নোট অব ডিসেন্ট বা ভিন্নমতের বিষয়ে বিরোধী দল অবস্থান পরিবর্তন করতে চাইলে তা নিয়েও আলোচনা হতে পারে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় সংসদের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন কমিটির চতুর্থ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে বিভিন্ন ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়। তাঁরা সংবিধান সংশোধন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন—এমন অবস্থান থেকে বিএনপি সরে আসেনি। জনগণের চাহিদার কথা উল্লেখ করে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী থাকার যে প্রস্তাব এসেছে, তা বিএনপির ঘোষিত ৩১ দফার সঙ্গে সাংঘর্ষিক।

দ্বিকক্ষবিশিষ্ট সংসদীয় ব্যবস্থা প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জাতীয় সংসদে।

সংবিধান সংশোধনের প্রক্রিয়া সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশোধনী সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, সংবিধান সংশোধনের বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত সংগ্রহ করা হচ্ছে। এরই অংশ হিসেবে ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে।

পরবর্তী সময়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট অন্যদের সঙ্গেও আলোচনা করা হবে। পাশাপাশি জুলাই জাতীয় সনদ প্রণয়ন এবং জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতামত নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বৈঠকে বিচার বিভাগের স্বাধীনতা ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তবে তত্ত্বাবধায়ক সরকার কোন প্রক্রিয়ায় গঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সনদটি যেভাবে প্রণয়ন করা হয়েছে, সেভাবেই তা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে বৈঠকে অংশ নেওয়া গণমাধ্যম প্রতিনিধিরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ জার্নালিস্টস কাউন্সিলের (বিজেসি) চেয়ারম্যান ও যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ বলেন, স্বাধীনতার পর থেকে দেশের সংবিধানে বহুবার পরিবর্তন আনা হয়েছে। এবার জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য