অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় দেশে বর্তমানে অপরাধ ও সহিংসতার ঘটনা অনেকটাই কমেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সরকারের অগ্রগতি, কার্যক্রম ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে যে অবস্থায় পেয়েছে, সেই বাস্তবতা বিবেচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সর্বোচ্চ চেষ্টা করছেন। পুলিশ সদস্যরাও দায়িত্ব পালনে আন্তরিকভাবে কাজ করছেন।
তবে আইনশৃঙ্খলা রক্ষায় এখনো কিছু ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন তিনি। জানান, কোথাও অপরাধ সংঘটিত হলে কিংবা দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের সময়কার পরিস্থিতি তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, সে সময় দেশে একধরনের নৈরাজ্যকর পরিবেশ বিরাজ করছিল। প্রকাশ্যে ঘোষণা দিয়ে দেশের দুটি শীর্ষস্থানীয় সংবাদপত্রের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দীর্ঘ সময় ধরে হুমকি দেওয়া হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তৎপরতা দেখা যায়নি।
তিনি বলেন, কোনো সংবাদপত্রের আদর্শ বা অবস্থানের সঙ্গে কারও দ্বিমত থাকতে পারে। কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিয়ে হামলা চালানো এবং তা প্রতিরোধে নিষ্ক্রিয় থাকা গ্রহণযোগ্য নয়।
অন্তর্বর্তী সরকারের সময়ে মাজার ভাঙচুর, ফুটবল খেলা বন্ধের ঘোষণা এবং বিভিন্ন স্থানে নাটক ও মেলা বন্ধ করে দেওয়ার ঘটনাও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।
বর্তমান সরকারের আমলেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন তিনি। তবে তাঁর দাবি, আগের সময়ের সঙ্গে তুলনা করলে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।
সংবাদ সম্মেলনে জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। এলপিজি আমদানিকারক ও অপারেটরদের তথ্যের বরাত দিয়ে তিনি জানান, দেশে বর্তমানে এলপি গ্যাসের কোনো সংকট নেই।
এ ছাড়া বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা এগিয়ে যাবে।
সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হলে অপতথ্যের বিস্তার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।