নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তারা শাহবাগে অবস্থান নেন।
এর আগে জুমার নামাজ শেষে বিকেল ৩টার দিকে চকবাজার চক মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা হন আন্দোলনকারীরা। প্রায় ৪৫ মিনিট পর তারা শাহবাগে পৌঁছে সড়ক অবরোধ করে অবস্থান নেন।
এ সময় নোয়াখালীকে দ্রুত পৃথক বিভাগ ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিনের এ দাবি দ্রুত বাস্তবায়ন করে নোয়াখালীকে পৃথক বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে।
তারা বলেন, নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি বৃহত্তর এলাকার মানুষের নাগরিক সেবা পাওয়ার সুযোগও বাড়বে।
সড়ক অবরোধের কারণে শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতেও। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
পরে বিকেল সাড়ে ৫টার দিকে অবস্থান কর্মসূচি শেষ করে শাহবাগ এলাকা ছেড়ে যান আন্দোলনকারীরা।