কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে


দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকার উত্তরাধিকারসূত্রে পাওয়া বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছে।


শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


তারেক রহমান বলেন, স্বৈরাচারী আমল কিংবা অন্তর্বর্তী সরকারের সময় রেখে যাওয়া বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে। দেশে সমস্যা রয়েছে—এ কথা অস্বীকার করা হচ্ছে না। তবে এসব সমস্যাকে পুঁজি করে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।


তিনি বলেন, স্বৈরাচারী সরকারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থানে ছিল, তাদের মধ্যে কেউ কেউ এখন ক্ষমতাচ্যুত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে অরাজকতা উসকে দেওয়ার চেষ্টা করছে কি না, সেই প্রশ্ন সামনে এসেছে। এমনটি হলে ওই শক্তি স্বৈরাচারকে আবার সামনে নিয়ে আসার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর আগের সরকারগুলোর রেখে যাওয়া সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে। তবে এসব সমস্যাকে কেন্দ্র করে কেউ বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টি করতে চাইলে তা মেনে নেওয়া হবে না।


সরকারের অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণ বর্তমান সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গণতন্ত্রের ধারা সমুন্নত রাখবে এবং গণতান্ত্রিক নীতি ও মূল্যবোধ বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করবে।


তিনি আরও বলেন, কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে তা নিয়ন্ত্রণে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা দেশের আইনে নির্ধারিত রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে প্রত্যেকের নিজ নিজ সীমার মধ্যে থাকা উচিত।


দেশের বিভিন্ন সংকটের সময়ে বিএনপির ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি সংকটকালীন মুহূর্তে দলটি নেতাকর্মী ও জনগণকে সঙ্গে নিয়ে সংকট মোকাবিলায় কাজ করেছে এবং ধীরে ধীরে দেশকে সংকট থেকে বের করে এনেছে।


বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, শিল্পকারখানার মালিকসহ বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ভোগান্তিতে থাকা সাধারণ মানুষের কাছে তিনি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছেন।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য