জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে বোরকা পরে নারীর ছদ্মবেশে প্রবেশের সময় এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক দিয়ে প্রবেশের সময় ওই যুবককে আটক করা হয় বলে জানান শিক্ষার্থীরা। এ সময় তার কাছে একটি আবাসিক হোটেলের কার্ড পাওয়া যায়।
আটকের পর শিক্ষার্থীরা তার পরিচয় ও ক্যাম্পাসে প্রবেশের কারণ জানতে চাইলে তিনি একাধিক ধরনের বক্তব্য দেন। প্রথমে তিনি দাবি করেন, শিক্ষার্থীরা তাকে বিরক্ত করায় বোরকা পরে ক্যাম্পাসে এসেছেন।
পরে আবার তিনি জানান, ভিক্টোরিয়া পার্ক এলাকায় নারীদের উত্ত্যক্তকারীদের শনাক্ত করে পুলিশের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে তিনি নারীর ছদ্মবেশ নিয়েছেন।
জিজ্ঞাসাবাদের সময় ওই যুবক বিভিন্ন ব্যক্তির সঙ্গে নিজের যোগাযোগের কথাও বলেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। একপর্যায়ে তাকে পুলিশের কাছে হস্তান্তরের কথা উঠলে তিনি যাত্রাবাড়ী থানার এক ওসিকে ফোন করার অনুরোধ করেন। নিজেকে একজন নেতার লোক বলেও দাবি করেন তিনি।
তবে ওই যুবকের দেওয়া পরিচয় এবং পুলিশের সঙ্গে তার যোগাযোগের দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
নারীর ছদ্মবেশে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথ দিয়ে একজন যুবকের প্রবেশের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তার কাছে পাওয়া আবাসিক হোটেলের কার্ড, ক্যাম্পাসে আসার প্রকৃত উদ্দেশ্য এবং জিজ্ঞাসাবাদের সময় দেওয়া বিভিন্ন পরিচয়ের সত্যতা তদন্তের মাধ্যমে পরিষ্কার করার দাবি জানিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আজম খান বলেন, বিষয়টি তারা জানতে পেরেছেন। ওই ব্যক্তি কী উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন, তা ভালোভাবে যাচাই করা হবে। এরপর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের ক্ষতি করার উদ্দেশ্যে এসে থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।