জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাডভেঞ্চার সোসাইটির (জুয়াস) ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী ইমদাদুল হক পারভেজ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইন্দ্রনীল দাস।
শুক্রবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান সেমিনার কক্ষে নতুন এ কমিটি ঘোষণা দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন আনোয়ার, নারী সহ-সভাপতি হিসেবে তানজিম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অনিন্দিতা ও মুরসালিন, কোষাধ্যক্ষ হিসেবে জয়েতা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রিন্স।
নবনির্বাচিত সভাপতি ইমদাদুল হক পারভেজ বলেন, আগামী এক বছরে জুয়াসকে শুধু ট্যুরকেন্দ্রিক সংগঠন হিসেবে নয় বরং শিক্ষার্থীদের বিভিন্ন অ্যাডভেঞ্চার ও দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, “আমরা আগামী এক বছরে শুধু ট্যুর নয় এর পাশাপাশি যারা সাইক্লিং শিখতে চায় কিংবা সাঁতার শিখতে চায় বিশেষ করে মেয়েদের, তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই। শিক্ষার্থীদের আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।”
এছাড়াও তিনি বলেন, প্রতি মাসে অন্তত একটি করে ট্যুর আয়োজনের পরিকল্পনা রয়েছে জুয়াসের। পাশাপাশি নারী সদস্যদের নেতৃত্বে ও অংশগ্রহণে স্বতন্ত্র ট্যুর আয়োজনের উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে।
জুয়াসের অন্যতম প্রধান ও স্বাক্ষরধর্মী আয়োজন ‘অ্যাডভেঞ্চার ফেস্ট’ নিয়েও নতুন কমিটির রয়েছে বিশেষ পরিকল্পনা। আগামীতে অ্যাডভেঞ্চার ফেস্টের তৃতীয় আসর আয়োজনের কথা জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি। তিনি জানান, অ্যাডভেঞ্চার ফেস্টে থাকবে ম্যারাথন, বিভিন্ন ধরনের গেমস ও অ্যাডভেঞ্চারভিত্তিক প্রতিযোগিতা, ট্রেজার হান্ট, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের আয়োজনকে আরও বিস্তৃত ও আকর্ষণীয় করার পরিকল্পনা রয়েছে।