গ্যাস সংকটে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ায় দুর্ভোগে পড়েছেন চালকরা। শনিবার (১৫ আগস্ট) সকাল থেকেই কুড়িল-খিলক্ষেত এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাস নিতে দীর্ঘ লাইন দেখা গেছে।
একেকটি গাড়িকে গ্যাস নিতে চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘ সময় লাইনে আটকে থাকায় দৈনিক ট্রিপের সংখ্যা কমে যাচ্ছে। এতে সরাসরি প্রভাব পড়ছে চালকদের আয়ে।
চালকরা জানান, গ্যাসের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় যাত্রী পরিবহনের সময় কমে যাচ্ছে। ফলে একদিকে যেমন যাত্রীদের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে কমছে চালকদের দৈনিক আয়।
গ্যাস সংকটের প্রভাব শুধু যানবাহনেই সীমাবদ্ধ নেই। রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতেও গ্যাসের চাপ কমে গেছে। এতে রান্নাসহ দৈনন্দিন কাজ ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।