দুর্যোগ মোকাবেলায় ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯
দুর্যোগ মোকাবেলায় ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত


ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় সরকার ১ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকের একটি ভিত্তি গড়ে তুলছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। এরই মধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে মহিলা আসন-১০-এর সরকারি দলের সদস্য নিলুফার চৌধুরী মনির সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।


নিলুফার চৌধুরী মনি ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি এবং উদ্ধার সরঞ্জাম সম্পর্কে জানতে চান।


জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি দুর্যোগ সম্পর্কে জনগণের সচেতনতা বাড়াতেও বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে।


তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ স্বেচ্ছাসেবকের একটি প্রশিক্ষিত ভিত্তি গড়ে তোলার কাজ চলছে। ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগের সময় উদ্ধার কার্যক্রম পরিচালনার উপযোগী করে গড়ে তোলা হচ্ছে।


উদ্ধার সরঞ্জামের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ভূমিকম্প মোকাবেলায় প্রয়োজনীয় সরঞ্জামের তালিকা বেশ বড়। এরই মধ্যে সরকার বিভিন্ন ধরনের সরঞ্জাম কিনেছে। এসব সরঞ্জাম বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আনসারসহ দুর্যোগ মোকাবেলায় সরাসরি কাজ করা বিভিন্ন সংস্থার মধ্যে বিতরণ করা হয়েছে।


তিনি জানান, আরও কিছু প্রয়োজনীয় সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এসব সরঞ্জাম কেনার জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে।


প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি সংস্থাগুলোর সরঞ্জামের পাশাপাশি বেসরকারি খাতে থাকা দুর্যোগ মোকাবেলা ও উদ্ধার সরঞ্জামেরও তালিকা তৈরি করা হয়েছে। দুর্যোগের সময় প্রয়োজন অনুযায়ী এসব সরঞ্জাম এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহায়তা নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য