ধর্ম পালন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঝিনাইদহের শৈলকুপার মঠবাড়ি মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দেশের সব ধর্মের মানুষ বর্তমানে নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন। ধর্ম পালনের অনুকূল পরিবেশ বজায় রাখতে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, প্রায় পাঁচ হাজার বছর আগে অশুভ ও অপশক্তির বিনাশের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। দেশের যেকোনো অপশক্তির বিরুদ্ধে সরকারের নেওয়া উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীরা পাশে থাকবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
মো. আসাদুজ্জামান বলেন, শ্রীকৃষ্ণের জন্মতিথিতে সনাতন ধর্মাবলম্বীদের আনন্দ-উৎসব, ভক্তি-শ্রদ্ধা এবং ধর্মের প্রতি বিশ্বাস ও আস্থার সঙ্গে সংহতি জানাতে তিনি অনুষ্ঠানে এসেছেন। সরকার সব ধর্মের মানুষের পাশে রয়েছে বলেও জানান তিনি।
পরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন আইনমন্ত্রী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।