জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পাথরের চর চেংটিমারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক চোরাচালানের অভিযোগে আব্দুল মালেক (৫০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্ৰেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত ভারতীয় ৮৮ বোতল মদ জব্দ করা হয় । তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, সীমান্ত এলাকগুলোতে মাদকের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকলে অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে। পুলিশ সূত্রে জানা যায়, মাদকের সঙ্গে জড়িত অন্য কোনো চক্রের সন্ধান পেতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।