চীনা দূতাবাস প্রতিনিধির মাওলানা ভাসানীর মাজার ও রিসার্চ সেন্টার পরিদর্শন

দে
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮
চীনা দূতাবাস প্রতিনিধির মাওলানা ভাসানীর মাজার ও রিসার্চ সেন্টার পরিদর্শন


টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন চীনের দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং ও থার্ড সেক্রেটারি শিয়া ডাওজিং। চীনের সঙ্গে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক মান উন্নয়নসহ অন্যান্য কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন।


শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চীনের দূতাবাসের প্রতিনিধিদের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, রেজিস্ট্রার, প্রক্টরসহ অন্যান্য শিক্ষকদের নিয়ে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর চীনের দূতাবাসের প্রতিনিধিরা মাওলানা ভাসানীর মাজার, মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার, ভাসানী জাদুঘরসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন। এছাড়া শিক্ষাদানে সহায়তা দেওয়ার লক্ষ্যে প্রতিনিধিরা ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগ ও মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্লাস, ল্যাব, সেমিনার লাইব্রেরি, গ্যালারি রুম এবং অতিথিদের ডরমিটরি পরিদর্শন করেন।


লি শাওফেং বলেন, "এখানে এসে এবং এই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মাওলানা ভাসানীর সঙ্গে চীনা জনগণের দীর্ঘদিনের বন্ধুত্ব আমাদের দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ।


আমি বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে মাভাবিপ্রবির সঙ্গে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও জোরদার করা সম্ভব। চীনা ভাষা কোর্স চালু, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা এবং মাওলানা ভাসানী গবেষণা কেন্দ্রকে আন্তর্জাতিকভাবে পরিচিত করার বিষয়ে আমরা একসঙ্গে কাজ করতে পারি।


এ বিষয়ে আমার কিছু ধারণা রয়েছে, যা রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করব। আশা করি, খুব শিগগিরই যৌথ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে পারব।"

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য