বোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০
বোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি অক্টোবরে


রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের পর এবার ফ্রান্সের এয়ারবাস থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী অক্টোবর মাসেই এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

এর আগে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে মোট ২৫টি উড়োজাহাজ কেনার উদ্যোগ নেয় বাংলাদেশ। চলতি বছরের ৩০ এপ্রিল ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বোয়িংয়ের মধ্যে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়।

পরবর্তী সময়ে গত ২৩ সেপ্টেম্বর আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্য দিয়ে বোয়িং থেকে মোট ২৫টি উড়োজাহাজ সংগ্রহের পরিকল্পনা সামনে আসে।

এবার ফ্রান্সের এয়ারবাস থেকে আরও ১০টি উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়ায় জাতীয় পতাকাবাহী সংস্থাটির বহর সম্প্রসারণের পরিকল্পনা আরও বিস্তৃত হচ্ছে।

সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিকায়ন, আন্তর্জাতিক রুটে যোগাযোগ বৃদ্ধি এবং যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়াতে নতুন উড়োজাহাজ সংগ্রহ করা হচ্ছে।

একই সঙ্গে বাংলাদেশকে আঞ্চলিক যাত্রী ও কার্গো পরিবহনের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার লক্ষ্য রয়েছে সরকারের।

এ উদ্দেশ্যে ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে নতুন উড়োজাহাজগুলো বিমানের বহরে যুক্ত করার একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ পর্যালোচনা করা হচ্ছে।

বোয়িং ও এয়ারবাসের পরিকল্পিত ক্রয় সম্পন্ন হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে পর্যায়ক্রমে মোট ৩৫টি নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার কথা রয়েছে।

তবে এয়ারবাসের উড়োজাহাজগুলোর মডেল, ক্রয়মূল্য এবং সরবরাহের বিস্তারিত সময়সূচি এখনো জানানো হয়নি।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য