বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি, প্রত্যাখ্যান ছাত্রদল-শিবিরের

দে
মুহাম্মদ সোহান
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি, প্রত্যাখ্যান ছাত্রদল-শিবিরের



নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে ক্ষোভ প্রকাশ করেছে শাখা ছাত্রশিবির। ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনটির যেকোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম প্রতিহত করার ঘোষণা দিয়েছে উভয় সংগঠন।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে শাখা ছাত্রদল। মিছিলে সংগঠনটির সদস্যসচিব মো. শফিকুল ইসলাম শফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শোয়েবসহ বিভিন্ন হলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।


এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ বাকৃবিতে নতুন কমিটি ঘোষণা করেছে। যদিও বর্তমানে তাদের কোনো প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম দেখা যাচ্ছে না। জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠনটির যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে দৃঢ়প্রতিজ্ঞ। ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতি সম্মান রেখে ক্যাম্পাসে এ সংগঠনের কার্যক্রম বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।’


শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈন বলেন, ‘জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের ছাত্ররাজনীতির প্রেক্ষাপটের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের মনস্তত্ত্বেও পরিবর্তন এসেছে। বর্তমান বাংলাদেশে ছাত্রলীগের রাজনীতি করার অধিকার নেই। নতুন করে তাদের কমিটি গঠন বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না। বাকৃবির শিক্ষার্থীরাও এ কমিটি প্রত্যাখ্যান করবে।’


এর আগে মঙ্গলবার নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য বাকৃবি শাখার নতুন কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।


বিজ্ঞপ্তিতে ইমরান সিদ্দিকী প্রান্তকে সভাপতি, মো. মুইন নাদিম আল মুনাকে সাধারণ সম্পাদক, মাহফুজ হক অভিকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং তামিম মাহমুদ আকাশকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া সহসভাপতি পদে রয়েছেন মো. রাকিবুল ইসলাম, মো. মেহেদী হাসান, শাহরিয়ার খন্দকার ও মো. খালেদ হাসান।


উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য