১১ দফা দাবিতে উত্তাল রুয়েট সিএসই; লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা

দে
রুয়েট প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০
১১ দফা দাবিতে উত্তাল রুয়েট সিএসই; লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা


১১ দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নে বিভাগীয় কর্তৃপক্ষের লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।


শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগীয় বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত, একাডেমিক কার্যক্রমে অসঙ্গতি এবং শিক্ষার্থীদের মতামতকে যথাযথ গুরুত্ব না দেওয়ার কারণে বিভাগের একাডেমিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।


শিক্ষার্থীদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে—পরীক্ষায় অংশগ্রহণে শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগের ঘটনায় আনুষ্ঠানিক ব্যাখ্যা ও দুঃখপ্রকাশ, শিক্ষার্থীদের মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার প্রতি সম্মান, ক্লাস টেস্ট (CT), সেমিস্টার ও পরীক্ষার সময়সূচি নির্ধারণে শিক্ষার্থীদের মতামত গ্রহণ এবং নিয়মিত শিক্ষক-শিক্ষার্থী সংলাপের ব্যবস্থা করা।


এ ছাড়া অসুস্থতা বা সহশিক্ষা কার্যক্রমের কারণে কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তা বিবেচনায় নেওয়া, বিভাগের ফলাফল অবনতির কারণ বিশ্লেষণ করে কার্যকর পদক্ষেপ গ্রহণ, যথাযথভাবে Outcome Based Education (OBE) বাস্তবায়ন, পড়ানো বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখে পরীক্ষার প্রশ্ন প্রণয়ন এবং শিক্ষকদের মূল্যায়নে শিক্ষার্থীদের জন্য বেনামি (Anonymous) মূল্যায়ন ব্যবস্থা চালুর দাবিও রয়েছে।


শিক্ষার্থীরা জানান, সিএসই বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেরাব হোসাইনের আকস্মিক মৃত্যুর পর সহপাঠীদের মানসিক অবস্থার বিষয়টি বিবেচনা না করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত তাদের মধ্যে ক্ষোভ তৈরি করে। এ ঘটনাসহ দীর্ঘদিনের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক অসন্তোষ থেকেই ১১ দফা দাবিতে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা।


আন্দোলন চলাকালে সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের দাবিগুলো নিয়ে মৌখিকভাবে আশ্বাস দেন। তবে শিক্ষার্থীরা জানান, শুধু মৌখিক আশ্বাসে তারা সন্তুষ্ট নন; দাবিগুলোর বিষয়ে লিখিত প্রতিশ্রুতি এবং বাস্তবায়নের সুস্পষ্ট পরিকল্পনা চান তারা।


শিক্ষার্থীদের পক্ষ থেকে রোববার সকাল সাড়ে ১১টার মধ্যে বিভাগের প্যাডে স্বাক্ষরসহ লিখিত প্রতিশ্রুতি দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও লিখিত প্রতিশ্রুতি না পাওয়ায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।


শিক্ষার্থীরা বলেন, তাদের আন্দোলনের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা শিক্ষককে হেয় করা নয়; বরং একাডেমিক পরিবেশের উন্নয়ন, শিক্ষার্থীদের মতামতের গুরুত্ব নিশ্চিত করা এবং যৌক্তিক দাবিগুলোর বাস্তবায়ন। লিখিত প্রতিশ্রুতি ও কার্যকর পদক্ষেপ না আসা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনসহ চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য