ভারতের নয়াদিল্লিতে রাষ্ট্রীয় সফরে গিয়ে বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে সফর বাতিল করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান তিনি।
জানা গেছে, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলন-এ অংশ নিতে ঢাকা থেকে নয়াদিল্লি যান ডা. জাহেদ উর রহমান। প্রতিমন্ত্রীর পদমর্যাদার কারণে তিনি কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্য হলেও সাধারণ পাসপোর্ট ব্যবহার করে রোববার বিকেল ৩টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে যাত্রা করেন।
দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় কর্তৃপক্ষের নজরদারি তালিকার ভিত্তিতে তাকে আটকে রাখা হয় বলে জানা গেছে। এরপর দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পরবর্তীতে পরিস্থিতি অনুধাবন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সম্মানজনকভাবে দেশটিতে প্রবেশের অনুরোধ জানায়। তবে আত্মসম্মান ও রাষ্ট্রীয় প্রটোকলের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি এবং সফর বাতিল করে দেশে ফিরে আসেন।
ঘটনাটি কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো প্রকাশিত হয়নি।