জন্মদিনের দিনে ব্যাট হাতে নিজের অভিজ্ঞতা আর ধৈর্যের অনন্য ছাপ রাখলেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে দুর্দান্ত এক ইনিংস খেলে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি। ১০১তম টেস্ট খেলতে নামা বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার দিনের শুরু করেছিলেন ৪৮ রানে অপরাজিত থেকে। অন্য প্রান্তে ছিলেন লিটন দাস, তার সংগ্রহ ছিল ৮ রান।
দিনের খেলা শুরু হওয়ার পর চতুর্থ ওভারের দ্বিতীয় বলেই শাহীন শাহ আফ্রিদির ডেলিভারিতে সিঙ্গেল নিয়ে ১১৪ বলে ফিফটি পূর্ণ করেন মুশফিক। ইনিংসজুড়ে ছিল ছয়টি চারের ঝলক। টেস্ট ক্রিকেটে দীর্ঘ সময় ধরে দলের অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে থাকা এই ব্যাটার এদিন ৩৯ বছরে পা রেখেছেন। বিশেষ দিনটির শুরুতে সতীর্থদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদ্যাপন করেন তিনি।
জন্মদিনের আনন্দ শুধু দলের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি মুশফিক। কেকের একটি অংশ গ্রাউন্ডসম্যানদের মাঝেও ভাগ করে দেন তিনি, যা মাঠে উপস্থিত অনেকের নজর কেড়েছে। ১৩টি টেস্ট সেঞ্চুরির মালিক মুশফিকের জন্য জন্মদিনে এই ফিফটি নিঃসন্দেহে বিশেষ মুহূর্ত। তবে ইনিংসটিকে তিন অঙ্কে নিতে পারলে সেটিই হতে পারে তার জন্মদিনের সবচেয়ে বড় অর্জন।
এই ফিফটির মাধ্যমে টেস্ট ক্রিকেটে টানা তিন ইনিংসে ৫০ বা তার বেশি রান করার কৃতিত্বও ধরে রাখলেন মুশফিক। গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে আগের দুই ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ৫৩ ও ১০৬ রান। অভিজ্ঞ এই ব্যাটারের ব্যাটে ভর করেই বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ।