বাংলাদেশিদের ভারতের ভিসা প্রদানের কার্যক্রমে শিগগিরই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, এ বিষয়ে ভারতকে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানানো হয়েছে এবং খুব দ্রুত ভালো অগ্রগতি আসতে পারে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
এ প্রসঙ্গে তিনি সম্প্রতি ভারতের সফরের কথা উল্লেখ করে বলেন, সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনায় বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রদান স্বাভাবিক করার অনুরোধ জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সর্বভৌম সমতা, ন্যায্যতা, পারস্পরিক সম্মান ও আস্থা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।