আগামী জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরুর পরিকল্পনা রয়েছে সরকারের। সেশনজট কমাতে ডিসেম্বরের মধ্যেই সব পাবলিক পরীক্ষা শেষ করে জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রবিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এবারের পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট এবং শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি জানান, সারা দেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও বলেন, সেশনজট কমাতে শিক্ষা বোর্ড এবং বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দুই বছরের কোর্স নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে ডিসেম্বরের মধ্যেই সব পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এরপর জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু করতে চায় সরকার, যাতে কোনো ধরনের অপেক্ষার সময় না থাকে।
গুজব ও প্রশ্নফাঁস সংক্রান্ত বিভ্রান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে যাচাই ছাড়া তথ্য প্রচার না করার আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য যাচাই না করে প্রচার করলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি আরও বলেন, গুজব কে ছড়াচ্ছে সেটি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি যাচাই ছাড়া সেটি প্রচার করাও বড় সমস্যা। ফেসবুকসহ সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্য অনেক সময় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলেও তা দ্রুত প্রতিক্রিয়া তৈরি করে।
গুজব রোধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা গুজব ছড়াচ্ছে বা যাচাই ছাড়া প্রচার করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে।
এ সময় তিনি পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, সরকার সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে।