1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা, পানির সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লাকসামে কৃষকের আধাপাকা ধানজোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ বিয়ে করতে যাওয়ার পথে স্ত্রীর কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন যুবক জুনেই বিসিবি নির্বাচন আয়োজনের পরিকল্পনা, জানালেন তামিম ইকবাল সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের তালিকা প্রকাশ, জামায়াতের ৮ জনসহ মোট প্রার্থী চূড়ান্ত শ্রীপুরে বিয়ের নামে প্রতারণা: স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে স্বামী বিদেশে, দ্বারে দ্বারে ঘুরছেন গৃহবধূ চৌমুহনীতে পূবালী ব্যাংক ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন শুরু নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ গ্রাম্য সালিশে মারপিটের জেরে গৃহবধূর আত্মহত্যা, গ্রেপ্তার ৩ লাকসামে যুবকের মরদেহ উদ্ধারহত্যা না আত্মহত্যা, মৃত্যু নিয়ে ধুম্রজাল! চট্টগ্রাম বন্দরে এক দিনে এলো ১ লাখ ১ হাজার টন ডিজেল, ৮ দিনের চাহিদা পূরণ হবে

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা, পানির সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে সরকার। সবাই মিলে কাজ করলে ইনশাআল্লাহ দেশের পানির সমস্যা সমাধান করা সম্ভব। তিনি বলেন, খাল খনন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা গেলে বন্যার সময় মানুষ, সম্পদ, গবাদিপশু ও ফসল রক্ষা করা সহজ হবে।

সোমবার (২০ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে বগুড়ার বাগবাড়ী নশিপুরে অবস্থিত চৌকিরদহ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আজ এখানে চৌকিরদহ খাল পুনঃখননের কাজ শুরু হলো। তিনি উল্লেখ করেন, যাদের বয়স ৬০ থেকে ৭০ বছরের বেশি, তারা নিশ্চয়ই মনে করতে পারবেন যে এই খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে খনন করেছিলেন। এবার পুনরায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই খাল খনন করা হচ্ছে। তিনি বলেন, খালটি পুনঃখনন করা হলে বর্ষাকালে অতিবৃষ্টির কারণে আশপাশে জমে ওঠা পানি এখানে সংরক্ষণ করা সম্ভব হবে। পাশাপাশি শুষ্ক মৌসুমে যখন পানির সংকট দেখা দেয়, তখন খালে পানি থাকলে কৃষকরা চাষাবাদের জন্য প্রয়োজনীয় পানি পাবে। ফলে পুরো এলাকার মানুষ উপকৃত হবে।

স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলে খাল পুনঃখননের মাধ্যমে পানি ফিরিয়ে আনতে হবে। তিনি খালের দুই পাশে গাছ লাগানোর পাশাপাশি মাছ চাষের সম্ভাবনাও যাচাই করার কথা বলেন, যাতে এলাকার বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। একই সঙ্গে তিনি বলেন, নারীরাও খালের পাশের জমিতে শাকসবজি চাষ করে বাড়তি আয় করতে পারবেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, খাল ও নদী ভরাট হয়ে যাওয়ায় মানুষ যেমন পানির কষ্ট পাচ্ছে, তেমনি বর্ষায় অতিরিক্ত পানি ধরে রাখাও সম্ভব হচ্ছে না। ফলে প্রয়োজনের সময় পানির সংকট আরও প্রকট হয়ে ওঠে। এ কারণেই খাল খনন কার্যক্রম অত্যন্ত জরুরি।

নিজ জন্মভূমির মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, তিনি এই এলাকার সন্তান এবং খাল কাটাসহ যেসব উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, সেগুলো সফল করতে সবার দোয়া ও সহযোগিতা চান। তিনি আরও বলেন, এটি নিজের বাড়ি ও নিজের মানুষের জায়গা, তাই ইনশাআল্লাহ আবার কয়েকদিন পর পুনরায় আসবেন।

এর আগে দুপুর ২টায় নিজ জন্মভূমি বাগবাড়ীতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দুপুর আড়াইটার দিকে বাগবাড়ীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে বিকেল ৩টায় শহীদ জিয়াউর রহমান কলেজ মাঠে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন।

বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি নশিপুরে অবস্থিত চৌকিরদহ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। সেখানে পৌঁছালে খালের দুই পাড়ে অবস্থান নেওয়া হাজারো মানুষ তাকে স্বাগত জানান। তিনি হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।

খাল খনন কর্মসূচি শেষে বিকেল ৪টার দিকে তিনি নিজ পৈতৃক বাড়িতে যান এবং সেখানে সংক্ষিপ্ত সময় অবস্থান করেন। পরে বিকেল ৪টা ৩০ মিনিটে শহরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। একই দিন বিকেল ৫টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park