প্রতিবছর ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৭ নভেম্বর সরকারি ছুটি হিসেবে পালিত হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণি।
মন্ত্রিপরিষদসচিব জানান, ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস হিসেবে পালন করা হবে, তবে ওইদিন সরকারি ছুটি থাকবে না। অন্যদিকে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দিনটি সরকারি ছুটির আওতায় থাকবে।
বৈঠকের অন্যান্য আলোচ্য বিষয় সম্পর্কে তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা-২০২৫’ নিয়ে আলোচনা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সোলার পাওয়ারের মাধ্যমে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে একটি কমিটিও গঠন করা হয়েছে।
এ সময় মন্ত্রিপরিষদসচিব আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকট মোকাবেলায় সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।