ইনসুলেটর পাংচার হয়ে আগুন, দ্রুত মেরামতে কাটলো সংকট
বরিশালের মেহেন্দিগঞ্জে বজ্রপাতের আঘাতে পল্লী বিদ্যুতের সরঞ্জাম বিকল হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বজ্রপাতের ফলে পল্লী বিদ্যুতের পাওয়ার সাপ্লাই লাইনের একটি ইনসুলেটর পাংচার (ফেটে) হয়ে যায়। এতে তাৎক্ষণিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের শিখা ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
ঘটনার পরপরই খবর পেয়ে পল্লী বিদ্যুতের কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মেরামত কাজ শুরু করে।
মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস জানায়, বজ্রপাতে ক্ষতিগ্রস্ত ইনসুলেটরটি প্রতিস্থাপন করে দ্রুত লাইনের ত্রুটি ঠিক করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতায় কিছু সময় ভোগান্তি হলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।