সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দিনভর উপজেলার ষোলমাইল ও রুদ্রপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে দুইটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স বন্ধন ব্রিকস, কোদলাদিঘরকে ৩ লাখ টাকা এবং মেসার্স এসকেবি ব্রিকস, রুদ্রপুরকে ৬ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক অর্থ আদায় করা হয়।
এছাড়া মেসার্স এস অ্যান্ড বি ব্রিকস, ভূইয়াগাতি নামক আরও একটি ইটভাটাকে চলতি এপ্রিল মাসের মধ্যে সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভাটার মালিকের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম। এসময় সহকারী পরিচালক তুহিন আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।