ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বেড়েছে। চলতি এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এলপিজির এই নতুন দাম ঘোষণা করে। কমিশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের মূল্য পরিবর্তনের কারণে দাম সমন্বয় করা হয়েছে।
বিইআরসি সূত্র জানায়, ২০২১ সালের এপ্রিল থেকে নিয়মিতভাবে এলপিজির দাম নির্ধারণ করে আসছে কমিশন। এলপিজি উৎপাদনের মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো এই দুই উপাদানের আন্তর্জাতিক মূল্য প্রকাশ করে, যা সৌদি কার্গো মূল্য বা ‘সিপি’ নামে পরিচিত।
এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য হিসেবে ধরে দেশে এলপিজির দাম নির্ধারণ ও সমন্বয় করে বিইআরসি। পাশাপাশি আমদানিকারক কোম্পানির চালান বা ইনভয়েস মূল্য বিশ্লেষণ করে পুরো মাসের জন্য ডলারের গড় মূল্য হিসাব করে চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয়।
এলপিজির দাম এক ধাপে উল্লেখযোগ্য পরিমাণ বেড়ে যাওয়ায় সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।