বগুড়া-৬ ও শেরপুর-৩ সংসদীয় আসনের আসন্ন নির্বাচনে গণভোট থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন–এ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। তবে ফলাফলে কোনো প্রভাব না পড়ায় শেরপুর-৩ সংসদীয় আসনে গণভোট অনুষ্ঠিত হবে না। অন্যদিকে বগুড়া-৬ আসনে গণভোট আগেই সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বডিওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানো হবে। তবে রিটার্নিং কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী এসব ক্যামেরা সরবরাহ করা হবে।
এছাড়া দুই আসনেই পোস্টাল ভোটের ব্যবস্থা থাকবে এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি। রাজনৈতিক দল ও প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। তবে শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়।