কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নবম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃতের নাম নকিবুল ইসলাম নাকিব (১৪)। সে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল এলাকার আবুল বাশার মাস্টারের একমাত্র ছেলে এবং ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নকিব তার বন্ধু সায়েম এবং খালাতো ভাই জুনায়েদকে সঙ্গে নিয়ে বিকেল ৪টার দিকে ১২ মাইল বালুরঘাট সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে যায়। তারা প্রথমে একটি খালি ডিঙি নৌকায় করে নদীর এপার-ওপার করে আসে। এরপর নদীর কিনারায় গোসল শুরু করে।
জুনায়েদ জানান, বিকেল পাঁচটার দিকে গোসল শেষ করে তিনি ও সায়েম উপরে উঠে আসেন। কিন্তু নকিব নদী থেকে না উঠে আরও গভীর পানিতে চলে যান। সাঁতার না জানার কারণে সে ডুবতে শুরু করে। সায়েম তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরিস্থিতি দেখে জুনায়েদ চিৎকার করলে স্থানীয় জেলেরা ডিঙি নৌকা নিয়ে এগিয়ে আসেন। তারা সায়েমকে উদ্ধার করতে সক্ষম হলেও নকিব গভীর পানিতে ডুবে যান।
স্থানীয়দের সহায়তায় পরে নকিবের মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর সময় তার বয়স মাত্র ১৪ বছর।
নকিবের চাচা মাসুদ করিম গভীর শোকাহত কণ্ঠে বলেন, “আমার ভাতিজা একমাত্র সন্তান ছিল তার বাবার। পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এমন ঘটনা ঘটবে কখনো ভাবিনি। পরিবার এখন শোকে দিশেহারা। কীভাবে মনকে সান্ত্বনা দেব, কীভাবে পরিবারকে সান্ত্বনা দেব—কোনো উপায় খুঁজে পাচ্ছি না।