বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে চতুর্থ দফায় আরও ৪ কোটি ৫০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেনা এই ডলারের দাম ছিল ১২১ টাকা ৩৫ পয়সা থেকে ৫০ পয়সা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “ডলার কেনার ফলে বাজারে তারল্য বাড়ছে এবং রিজার্ভও শক্তিশালী হচ্ছে।”
এর আগে তিন ধাপে কেন্দ্রীয় ব্যাংক প্রায় ৫০ কোটি ডলার কিনেছিল। প্রথম দফায় ১৩ জুলাই ১৮ ব্যাংকের কাছ থেকে ১৭ কোটি ১০ লাখ ডলার, দ্বিতীয় দফায় ১৫ জুলাই ৩১ কোটি ৩০ লাখ ডলার এবং তৃতীয় দফায় ২৩ জুলাই ১ কোটি ডলার কেনা হয়।
বিশ্লেষকরা বলছেন, রেমিটেন্স ও রপ্তানির প্রবাহ বেড়ে যাওয়ায় ডলারের সরবরাহও বেড়েছে। জুনে আইএমএফ, এডিবি, জাইকা ও এআইআইবি থেকে অর্থ ছাড় হওয়ায় রিজার্ভ আরও শক্ত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ডলারের দর অস্থিতিশীল হতে দেওয়া হবে না; দাম হঠাৎ বেড়ে যাওয়া যেমন অর্থনীতির জন্য ক্ষতিকর, তেমনি অতিরিক্ত কমে যাওয়া-ও নেতিবাচক প্রভাব ফেলে।