জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম সারা দেশের মানুষকে গোপালগঞ্জে ছুটে আসার আহ্বান জানিয়েছেন।
বুধবার (১৬ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,
“গোপালগঞ্জে খুনি হাসিনার দালালরা আমাদের ওপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না। আজই দালালদের কবর রচনার শেষ দিন।”
তিনি আরও বলেন,
“সারা বাংলাদেশের বিবেকবান ছাত্র-জনতা জেগে উঠুন, গোপালগঞ্জের দিকে ছুটে আসুন।”
এরই মধ্যে দুপুর সাড়ে ৩টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় এনসিপির মঞ্চে থাকা সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলার সময় ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
এর আগে সকালে ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে ইউএনও’র গাড়িবহর, পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
নাশকতা ও সহিংসতার অভিযোগে এখন পর্যন্ত সাতজনকে আটক করেছে সেনাবাহিনী। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে বেশ কয়েকটি স্থানে সহিংস ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও টেকেরহাটে সেনাবাহিনীর সাঁজোয়া যান (এপিসি) মোতায়েন করা হয়েছে।
এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজকের কর্মসূচির নাম ছিল ‘মার্চ টু গোপালগঞ্জ’।