লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও তিনজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে ২৫ জুন বুধবার রাত ৮টায়, রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভুঁইয়ারাস্তায়।
নিহত যুবকের নাম রাব্বি হোসেন (পিতা: সবুজ হোসেন, গ্রাম: মধুপুর)। তিনি মোটরসাইকেলে করে বাসার দিকে যাচ্ছিলেন। তার সঙ্গে থাকা তারেক হোসেন (পিতা: সেলিম হোসেন, গ্রাম: সোনাপুর) গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
অপরদিকে, সংঘর্ষে অটোরিকশাচালক মো. শাহআলম (পিতা: কাওসার আহমেদ, গ্রাম: বামনি) ও যাত্রী মো. হুমায়ুন হোসেন (পিতা: হাসান উল্লাহ, গ্রাম: বামনি) আহত হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহেল রানা রাব্বিকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, ভুঁইয়ারাস্তাটি একটি দুর্ঘটনাপ্রবণ স্থান। ইতিপূর্বেও এখানে একাধিক দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে।
ঘটনার পরপরই রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়ার নির্দেশে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে।