ঝালকাঠিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্যকারী আপন আচার্য্য (২১) নামের এক যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন সদর উপজেলার কীর্ত্তিপাশা এলাকার বাসিন্দারা। মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যকারী আপন আচার্য্যকে গত ২ মে রাতে কীর্ত্তিপাশা গ্রামের ঠাকুর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপন আচার্য্য ওই এলাকার হরেন্দ্র নাথ আচার্য্যের ছেলে।
জানা যায়, গত ২৪ এপ্রিল ফেসবুকে মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন আপন আচার্য্য। তাঁর ওই মন্তব্য শুক্রবার সন্ধ্যায় মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়সহ বিভিন্ন এলাকার শত শত মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে বিক্ষুব্ধ জনতা ওই যুবকের বাড়িতে গিয়ে অবস্থান নেয়। এ সময় তাঁরা আপনকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আপন আচার্য্যরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে কীর্ত্তিপাশা এলাকার বাসিন্দারা। তাঁরা আপন আচার্য্যকে সাহায্যকারী কীর্ত্তিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান চপলের বহিস্কার দাবি করেন। মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা সাজু সরদার, মহসিন খান, আলতাফ হোসেন, বেল্লাল মুন্সি ও বেবি আক্তার নাসরিন।
এ দিকে ওই যুবকের ফেসবুক আইডি হ্যাকড হওয়ার দাবি করে ২ মে ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তার হওয়া যুবককে আদালতের মাধ্যমে ঝালকাঠি কারাগারে পাঠানো হয়েছে।